গাজীপুরে পৈতৃক সম্পত্তি বিক্রির জের
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের পূবাইলে পৈতৃক সম্পত্তি বিক্রির জেরে কুপিয়ে কালাম ও তার স্ত্রীকে খুন করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর খুনের এ ঘটনায় জড়িত নিহত কালামের ভাগনিজামাইকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার এ তথ্য জানিয়েছেন গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান। গ্রেফতারকৃতের নাম পলাশ। সে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল সাপমারা এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে।
মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গাজীপুর মহানগর পূবাইল থানাধীন বসুগাঁও এলাকার চাঞ্চল্যকর আবুল কালাম ও তার স্ত্রী পুতুলকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করার ঘটনায় জড়িত থাকায় পলাশকে রবিবার ভোরে সাপমারা এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত পলাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে ঘটনার প্রায় এক বছর পর গাজীপুরের চাঞ্চল্যকর কালাম-পুতুল দম্পতি খুনের রহস্য উন্মোচন হয়েছে।
গ্রেফতারকৃত পলাশ স্বীকারোক্তিকালে রোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়ে জানান, গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে সবাই ঘুমিয়ে পড়লে সহযোগীদের নিয়ে পলাশ তার মামাশ্বশুর কালামের বাড়িতে যায়। তারা কালামকে কৌশলে ঘুম থেকে ডেকে উঠায়। কালাম ও তার স্ত্রী ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে তাদের চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় তারা। এসময় দুই বছরের শিশু সন্তানের সামনে তার বাবা-মাকে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পলাশ ও তার সহযোগীরা। পলাশের শাশুড়ির পৈত্রিক সম্পত্তির ওপর নির্মিত ঘর ও জমি তার মামাশ্বশুর আবুল কালাম ও খালা শাশুড়ি মোসা. হেলেনা বিক্রির জন্য বায়না করে। পরবর্তী সময়ে ঐ জমি ক্রেতার সঙ্গে যাতে রেজিস্ট্রি করতে না পারে সেজন্য কালাম ও তার স্ত্রীকে খুন করা হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত পলাশ ও তার শ্বশুর মানিকসহ (নিহত কালামের ভগ্নীপতি) চার জনকে এ পর্যন্ত গ্রেফতার করেছে।
