রূপগঞ্জের রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়ক নির্মাণকাজের উদ্বোধন

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২২:১৯

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর অবশেষে বহু প্রতীক্ষিত রূপগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সিআরডিপি-২ প্রকল্পের রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়ক পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এ কাজের উদ্বোধন করেন।  উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা প্রকৌশলী এনায়েত করিম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ তোফায়েল আহম্মেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। ১৪ কিলোমিটার দৈর্ঘ্য এ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪৩ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইএল-টিবিএল জেবি ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করবে।

এছাড়া মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে উন্নয়নের ধারাবাহিকতায় রূপগঞ্জের উন্নয়নের জন্য কাঞ্চন-স্বর্ণখালী-আতলাপুর-ডাঙ্গা সড়কে ৫৮ কোটি টাকা, মুড়াপাড়া-মহিষভিটা-গন্ধর্বপুর ও বরপা-মহজমপুর সড়কে ৪৫ কোটি টাকা, ভায়েলা-হাটাবো সড়কে আড়াই কোটি টাকা ও ফজুরবাড়ী-কালীগঞ্জ সড়কে ১৪ কোটি টাকাসহ ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।