দুর্যোগে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে —আ আ ম স আরেফিন সিদ্দিক

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

করোনা মহামারিসহ সব জাতীয় দুর্যোগ মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। গতকাল অনলাইনে সামাজিক সংগঠন জনলোকের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, করোনার এই মহামারিতে জনলোক যে সাহসী উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে তা তরুণ প্রজন্মকে উত্সাহ জোগাবে। সামাজিক মুক্তির কথা বলেছিলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই মানবিক চেতনায় সামাজিক মুক্তির কথা বলছে আজকের তরুণরা। এই তরুণরা যদি সামাজিক চেতনা জাগ্রত করতে মানুষের পাশে দাঁড়ান, অবশ্যই আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। আরেফিন সিদ্দিক দেশবাসীকে মাস্ক পরার আহ্বান জানিয়ে বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষায় মাস্ক পরার কোনো বিকল্প নেই। জনলোকের কেন্দ্রীয় সমন্বয়ক রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং মুক্তার হোসেন নাহিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তানভীর রুসমত, ড. সঞ্জীব রায়, সজল রায় প্রমুখ।