কক্সবাজারে পাহাড় কেটে ছড়া থেকে বালি উত্তোলন, ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দ

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২২:৫০

কক্সবাজারে সরকারি সংরক্ষিত বনের মধ্যে প্রবাহিত ছড়ার পাশের পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও ১০০ ফুট পাইপ জব্দ করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের কর্মকর্তারা। অভিযানকালে ঘটনায় জড়িতরা পালিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে পিওআর বন মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরঘোনা বিট কর্মকর্তা জাকের আহামদ।

জানা গেছে, গতকাল শুক্রবার সকালে কক্সবাজার সদর উপজেলার মেহেরঘোনা রেঞ্জের মাছুয়াখালী বনবিটের কানছিরাঘোনায় এই অভিযান চালানো হয়। অভিযানে মেহেরঘোনা, কালিরছরা বিটের কর্মকর্তা-কর্মচারী ও ভিলেজাররা অংশ নেন। রামু উপজেলার রশিদনগরের ৪ নম্বর ওয়ার্ডের মৃত ছৈয়দুর রহমানের ছেলে মোহাম্মদ জালালকে মামলার আসামি করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, পাহাড়ের ভেতর চলমান ছড়া থেকে অনিয়ন্ত্রিত বালি তোলা হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে। তাই কাউকে বনের ভেতর ছড়া থেকে বালি উত্তোলনের অনুমতি দেওয়া হয় না। এরপরও যারা অবৈধভাবে বালি তোলার চেষ্টা করেন তাদের আইনের আওতায় আনা হয়।