ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ হচ্ছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র গতকাল শুক্রবার জানায়, ইলিশ সম্পদ সংরক্ষণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়েছে। এ সময় জেলেদের জন্য মানবিক খাদ্য-সহায়তা কর্মসূচির আওতায় ১০ হাজার ৫৬৬ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। এর আওতায় ৩৬টি জেলার ১৫২টি উপজেলায় মা-ইলিশ আহরণে বিরত রাখতে তালিকাভুক্ত ৫ লাখ ২৮ হাজার ৩৪২টি জেলে পরিবারের জন্য ২০ কেজি হারে ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরুর আগেই এ বরাদ্দ দেওয়া হয়েছে। এ মৌসুমে গত মৌসুমের তুলনায় অতিরিক্ত ১ লাখ ২০ হাজার ২৬৩টি জেলে পরিবারকে এ খাদ্য-সহায়তা দেওয়া হচ্ছে।
সূত্রটি আরো জানায়, গত ৩০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি জ্ঞাপন করেছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে উল্লিখিত ভিজিএফ চালের পরিবহন ব্যয়ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। ভিজিএফ চাল ৩০ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বরাদ্দপ্রাপ্ত ৩৬টি জেলা হলো—ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, নরসিংদী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, জামালপুর, চট্টগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা ও ঝালকাঠি।
