পিরোজপুরে সিমেন্ট বোঝাই মিনি কার্গো ডুবি, এক জন নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২৩:০১

পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীতে সিমেন্টবোঝাই একটি মিনি কার্গোডুবির ঘটনায় মালিক কাইয়ুম খানের (৩৭) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের পশ্চিম জুনিয়া গ্রামসংলগ্ন কঁচা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল মৃত কাইয়ুমের লাশ উদ্ধার করে। কাইয়ুম খান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসাণ্ডা গ্রামের শহীদ খানের ছেলে এবং ডুবে যাওয়া রায়হান-২ নামের মিনি কার্গোটির মালিক।

ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রায়হান-২ নামের নৌযানটি মোংলাবন্দর থেকে সিমেন্টবোঝাই করে বরিশাল যাচ্ছিল। পথে যাত্রাবিরতি করে সন্ধ্যায় পশ্চিম জুনিয়া গ্রামের রাস্তাসংলগ্ন বেড়িবাঁধের পাশে নোঙর করে। রাত সাড়ে ৮টার দিকে হঠাত্ নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিলে নোঙর করা নৌযানটি ডুবে যায়। এ সময় ট্রলারের মালিক কাইয়ুম নিখোঁজ হলেও এর চালক আব্দুল মান্নান ও হেলপার ফয়সাল বেপারী সাঁতরে ওপরে উঠতে সক্ষম হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া সিমেন্টবোঝাই মিনি কার্গোটি উদ্ধারের চেষ্টা চলছিল।