নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় এমএসএফের উদ্বেগ

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২৩:৫৯

করোনা মহামারির মধ্যেও নারী ও শিশুদের পারিবারিক সহিংসতার পাশাপাশি যৌননিপীড়ন এবং নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়কালে নারী ও শিশু ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী, গত মাসে ১০৭টি নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। আগস্ট মাসে এ সংখ্যা ছিল ১১৫। গত মাসের তথ্য পর্যালোচনায় দেখা যায়—একক ধর্ষণ ৮৩টি, দল বেঁধে ২১টি এবং ধর্ষণের পর হত্যার তিনটি ঘটনা ঘটেছে। ৮৩টি ধর্ষণের ৪১টিরই শিকার শিশু। দেশের অনেক স্থানে নারী ও মেয়েশিশুরা নানাভাবে যৌন সহিংসতার শিকার হচ্ছেন, যা উদ্বেগজনক। নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির প্রয়োজন আছে বলে এমএসএফ মনে করে। —প্রেস বিজ্ঞপ্তি