কক্সবাজার বেড়াতে এসে সাগরে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে ঢাকার ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিন ইতমাম মাহমুদের (২৫)। শুক্রবার বিকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
ফাতিন ইতমাম মাহমুদ রাজধানীর মিরপুর-১ এর বাসিন্দা মাহমুদুর রহমানের পুত্র এবং ঐ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র ছিল।
সূত্র জানায়, ফাতিন, কবির, রায়হান, শিবলী ও শরীফুল হাসান ঢাকা থেকে শুক্রবার ভোরে কক্সবাজার পৌঁছে। কলাতলীর টাইড ওয়াটার নামে এক হোটেলে উঠে তারা। দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে যায় পাঁচ বন্ধু। গোসলের এক ফাঁকে চোরাবালিতে আটকে যায় ফাতিন। তাকে ডুবতে দেখে আরেক বন্ধু রায়হান বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু রায়হানের হাত ফসকে তলিয়ে যায় ফাতিন। মিনিট দশেক পর ফাতিনের দেহ ভেসে উঠে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি শেখ মুনির উল গিয়াস ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, মরদেহটি সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
