কামরাঙ্গীরচরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০০:২২

রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার নাম সেলিনা বেগম (৩৫)। গতকাল শুক্রবার রাত ৮টায় ঘটনাটি ঘটে। তবে কে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে সে ব্যাপারে তাত্ক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে সেলিনা বেগমের স্বামীর আগের সংসারের সন্তানরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

জানা গেছে, নিহত সেলিনার স্বামীর নাম এস এম ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহর আগের সংসারে চার সন্তান রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ওবায়দুল্লাহর স্ত্রী মারা যান। এরপর এপ্রিলে সেলিনা বেগমকে বিয়ে করেন। এই বিয়ে ওবায়দুল্লার সন্তান মাজাহারুল ইসলাম বিপ্লব ও কন্যা ইতি মেনে নিতে পারেনি। এ নিয়ে সেলিনা বেগমের সঙ্গে প্রায়ই মাজাহারুল ইসলাম বিপ্লব ও ইতির ঝগড়া হতো। সেলিনা বেগমকে তারা হত্যার হুমকিও দিয়েছে। সেলিনা বেগম  এতে থানায় জিডি করে। গতকাল রাত ৮টার দিকে সেলিনা বেগমের সঙ্গে ওবায়দুল্লাহর আগের সংসারের সন্তানদের ঝগড়া হয়। এরপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ওবায়দুল্লাহ গুরুত্বর অবস্থায় সেলিনা বেগমকে বাসা থেকে উদ্ধার করে বের করে তাকে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।