কুমিল্লায় এসি বাস থেকে ফেনসিডিল জব্দ, গ্রেফতার ৩

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০১:৫৪

কুমিল্লায় রয়েল কোচ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে ৩৮২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময় ঐ বাসের চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। 

শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রয়েল কোচ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী একটি বাসে করে বিশেষ কৌশলে মাদকদ্রব্যের একটি বড় চালান যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মহাসড়কের জেলার আমতলী এলাকায় ওই বাসটি থামিয়ে এতে তল্লাশি করে ৩৮২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

এসময় কুমিল্লার বুড়িচং উপজেলার পিতাম্বর গ্রামের ফরিদ আহম্মেদের ছেলে বাসের চালক শরিফ আহম্মেদ (৪০), আদর্শ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জসিম মিয়ার ছেলে হেলপার আরিফ হোসেন (২৫) ও তাদের সহযোগী চান্দিনা উপজেলার রাণীছড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শিকদার বাড়ির নাজমুল হাসানকে (২২) গ্রেফতার করা হয়। 

শুক্রবার বিকালে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে রয়েল কোচের এসি বাসে যাত্রী পরিবহনের আঁড়ালে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

ইত্তেফাক/কেকে