প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সবচেয়ে বেশি অর্থায়ন করতো যুক্তরাষ্ট্র। তবে করোনা নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বিরোধ ছিল ট্রাম্পের । ট্রাম্পের দাবি ছিল, করোনাভাইরাসে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যবস্থাপনা ছিল তীব্র এবং পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগে সংস্থাটিতে তহবিল বন্ধ করে দেওয়ার পাশাপাশি গত জুলাইতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প-মেলানিয়ার আরোগ্য কামনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, আমাদের প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে।
সংবাদ সম্মেলনে করোনা নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাস্ক পরার পরামর্শ ট্রাম্প অবজ্ঞা করেছেন কিনা এমন প্রশ্নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচি বিষয়ক প্রধান ড. মাইক রায়ান বলেন, আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তির আচরণ সম্পর্কে সাধারণত মন্তব্য করি না এবং আমরা জানি না যে রাষ্ট্রপতি হিসেবে একজন বিশিষ্ট ব্যক্তির জন্য সেখানে কী ঝুঁকি ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছিল। আমরা যা পুনরাবৃত্তি করতে চাই তা হলো বিভিন্ন ব্যবস্থার সংমিশ্রণ যা ঝুঁকি হ্রাস করে। হাত ধোয়া, অন্য ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা, ভীড় এড়িয়ে চলা, মাস্ক পরা আপনাকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে পারে।
ইত্তেফাক/এআর
