নাটোরের সিংড়ায় শনিবার (৩ অক্টোবর) সকালে সিংড়ার দহ থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে অবৈধ সৌতিজাল উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযানের শুরুতে কতুয়াবাড়ি এলাকায় আজাহারের একটি সুতিজাল উচ্ছেদ করা হয়। এসময় অবৈধ সুতিজালের বাঁশ উত্তোলন করে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়। পরে বলিয়াবাড়ি এলাকায় গনির সৌতিজাল উচ্ছেদ করা হয়।
অভিযানে অংশগ্রহণ নেন, নাটোর জেলা প্রশাসক মো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আক্তার, ওসি নুর-ই-আলম, উপজেলা মৎস্য অফিসার ওয়ালিউল্লাহ মোল্লাসহ গণমাধ্যম কর্মীরা।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যম কর্মীদের বলেন, আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে আজকের এই অভিযান শুরু করলাম। আমরা সুতি মালিকদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দলীয়ভাবে কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ও ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক মো: শাহরিয়াজ বলেন, সুতি জাল উচ্ছেদে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যেভাবেই হোক সুতিজাল মালিকদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আর কোন সুতি জাল মালিক নদীর ভিতর জাল দিতে পারবে না। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।
সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ জানান, আত্রাই নদীতে অবৈধ সৌতি জাল এবং বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁধ দেয়ার কারণে পানি প্রবাহ রোধ করা হয়েছে। যার কারণে এবার স্মরনকালের বন্যায় পৌর এলাকা ডুবে যায় এবং একটি বাঁধ ভেঙ্গে ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/এমএএম
