মাদকের বিরুদ্ধে সকলকে একসঙ্গে যুদ্ধ করতে হবে: নিক্সন চৌধুরী

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৮:০৩

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, মাদক নির্মুল একা পুলিশে পক্ষে সম্ভব না। সমাজের প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশেষ করে ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিকে এগিয়ে আসতে হবে। 

শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, চরভদ্রাসন একদিকে মানিকগঞ্জ অন্য দিকে ঢাকা জেলা, তার ওপর এলাকাটি চরাঞ্চল। তাই মাদক ব্যবসায়ীরা এর সুবিধা নিচ্ছে। তিনি সকল স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের নাম ঠিকানা পুলিশের কাছে দেওয়ার। 

তিনি আরও বলেন, চরভদ্রাসন একটি নদী ভাঙন কবলিত উপজেলা। ভাঙন ঠেকাতে সরকার প্রায় তিনশ কোটি টাকার নদী শাসনের কাজ করছে। অথচ এক শ্রেণির অসাধু অবৈধ ড্রেজার ব্যবসায়ী বালু কেটে নদী শাসনের কাজকে ব্যাহত করছে। তিনি উপজেলা প্রশাসনকে দ্রুত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানার অফিসার ইনচার্জ নাজনীন খানম, সহকারী কমিশনারসহ (ভূমি) বিভিন্ন দপ্তরের উপজেলা প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। 

ইত্তেফাক/এসি