শাহরুখের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী সায়নী

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৮:৫৮

সম্প্রতি হাথরস ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড় গোটা ভারত। ধর্ষকদের শাস্তি চেয়ে সরব বলিউডসহ সকল স্থরের মানুষ। অভিনেত্রী আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, কৃতি শ্যাননসহ অনেকই হাথরস ও বলরামপুরের ঘটনায় ধিক্কার জানিয়েছেন। বিষয়টিকে ইস্যু করে শাহরুখ খানের বিরুদ্ধে রাগ ঝাড়লেন তারই সহ-অভিনেত্রী সায়নী গুপ্তা। 

আসলে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছিলেন শাহরুখ খান। সেই টুইটে শাহরুখ লিখেছিলেন, ‘আমরা চাইব, ভালো, খারাপ, সব সময়ই গান্ধীজীর আদর্শে আমাদের সন্তানরা অনুপ্রাণিত হোক, মেনে চলুক। খারাপ জিনিস শোনা উচিত নয়, দেখা উচিত নয়, বলাও উচিত নয়। গান্ধীজীর ১৫১ তম জন্মবার্ষিকীতে সত্যের প্রতি মূল্যবোধ বাড়ুক।’

সেই টুইটকে ঢাল করে শাহরুখের উদ্দেশ্যে সায়নী লেখেন, ‘আপনি মুখ খুলুন, সত্য কথা বলুন, গান্ধীজী শিখিয়েছিলেন,  নিপীড়িত, শোষিত ও আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে। নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না।’

শুধু ধর্ষণ নয়, সুশান্ত মৃত্যু থেকে মাদককাণ্ড কোনোকিছু নিয়েই মুখ খুলতে দেখা যায়নি কিং খানকে। আর তাতেই বিরক্ত সায়নী কিং খানকে একহাত নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৬-র 'ফ্যান' ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করেন সায়নী গুপ্তা। বি-টাউনে কিং খানের বিরুদ্ধে মুখ খুলতে সাধারণত কাউকে দেখা যায় না। তবে সায়নী উল্টোটাই করলেন। যদিও শাহরুখ এখনও সায়নীর মন্তব্যের কোনও জবাব দেননি।

ইত্তেফাক/বিএএফ