বাফুফে নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৮:৫৭

দুপুর ২টায় শুরু হয়ে চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। ২১ পদে ৪৭ জন প্রার্থীকে ভোট দিয়েছেন ১৩৫ জন কাউন্সিলর। মোট ভোটার ছিলেন ১৩৯ জন। চারজন নির্বাচন কেন্দ্রে আসেননি। ভোট দেননি চট্টগ্রাম আবাহনীর প্রতিনিধি তরফদার মো. রুহুল আমিন, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী, শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সাফওয়ান সোবহান। খবরটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

এবার ফল পাওয়ার অপেক্ষায় প্রার্থীরা। ভোট গণনা শেষে জানা যাবে কে হচ্ছেন বাফুফের পরবর্তী সভাপতি। আজ শনিবার দুপুরে বাফুফে নির্বাচনে সব প্রার্থী উপস্থিত হলেও আসেননি অন্যতম সভাপতি প্রার্থী বাদল রায়। উপস্থিত ছিলেন বাকি দুই সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন ও শফিকুল ইসলাম মানিক।

সভাপতি প্রার্থী মানিক জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আমি, সব কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে। সবার একটাই কথা, পরিবর্তন চাই। সবাই যোগ্য প্রার্থী চায়। আমি মনে করি, আমি যোগ্য প্রার্থী। নিজেকে যোগ্য বলে মনে করি বলেই এই নির্বাচনে নাম লিখিয়েছি।’

ফুরফুরে মেজাজে দেখা গেছে কাজী সালাউদ্দিনকেও। সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও বেশ হাসি-খুশি মেজাজেই দেখা গেছে সাবেক এই ফুটবলারকে। এর আগে সকালে ভোটের আগে সুষ্ঠভাবে শেষ হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় গত এক বছরের আর্থিক বিবরণীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে পাশ হয়।

এজিএম সভায় গেল বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেটি সর্বসম্মতভাবে পাশ করা হয়েছে। এ সময় বাদল রায় ছাড়া বাফুফের সব কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ডেলিগেটরাও।

সভায় উপস্থিত ছিলেন বর্তমান বাফুফে সভাপতি সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তারা তাদের প্রতিবেদন উপস্থাপন করেন। আর আর্থিক বিবরণী উপস্থাপন করেন দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

ইত্তেফাক/এসআই