কোভিড-১৯ সংক্রমণকালে জনসাধারণের ভিন্ন অভিজ্ঞতার আলোকে নির্মিত ৫ পর্বের এনথোলজি সিরিজ ‘বাঘ বন্দি সিংহ বন্দি’র প্রথম শর্টফিল্ম ‘যাত্রী’ গত ১ অক্টোবর উন্মুক্ত হয়েছে স্ট্রিমিং প্লাটফর্ম ‘বিনজ’-এ। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে অনেক কাছের মানুষও এক নিমিষে দূরে সরিয়ে দিয়েছে, তেমনি আবার অচেনা হূদয়বান ব্যক্তিরা বাড়িয়েছেন সাহায্যের হাত। করোনাকালীন মানবিক বিপর্যয়ের এমনই মর্মস্পর্শী একটি গল্প ‘যাত্রী’ শর্টফিল্মটিতে তুলে ধরেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এতে মূল চরিত্র মতি দারোয়ানের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আরো আছেন শ্যামল মাওলা, রামিশা নীলা, আহসানুল হক মিনু প্রমুখ। সিরিজের পরবর্তী শর্টফিল্মগুলো উন্মুক্ত হবে একে একে। আগামীকাল উন্মুক্ত হবে ‘মুখ আসমান’, ৯ অক্টোবর ‘নিষিদ্ধ’ বাসর’, ১৩ অক্টোবর ‘এসো বসে একসাথে খাই’ ও ১৭ অক্টোবর ‘আড়াই মন স্বপ্ন’।
