‘বাংলাদেশ-ভারত দুই দেশের বন্ধুসুলভ সম্পর্ক আছে, থাকবে’

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৯:৫৪

ভারতীয় হাইকমিশনের রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক বজায় আছে, এটি বজায় থাকবে। বিগত এক দশকে বাংলাদেশ সামাজিক উন্নয়নসহ অনেক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এটি বন্ধুপ্রতীম দেশের জন্য ভালো লাগার বিষয়। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য নিরাপত্তাসহ সার্বিক কারণেই ভিসা প্রদানে কিছুটা জটিলতা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রক্রিয়াটা আগের মতো সহজ হয়ে যাবে। 

শনিবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য দেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন- একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র, প্রবীণ সাংবাদিক রবিউল ইসলাম রবি, আব্দুল মতীন খান, হাবিবুর রহমান স্বপন, আঁখিনূর ইসলাম রেমন প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতেই দু’দেশের জাতীয় সংগীত পরিবেশন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটিকে প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়। মতবিনিময় শেষে পাবনা প্রেসক্লাবকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে তিনটি কম্পিউটার প্রদান করা হয়।

ইত্তেফাক/এসি