বগুড়ার শেরপুরে অবৈধ বালু মহালে অভিযান চালানোর পর ইউএনও’র গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী নলডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ইউএনওসহ দুইজন আহত হয়েছেন। ইউএনও’র অভিযোগ, বালুদস্যুদের ভাড়াটে লোকজন এই হামলা করেছে। এ ঘটনায় পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে। বাকি ধরতে অভিযান চলেছে।
হামলায় আহতরা হলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারী উজ্জল মোহন্ত ও নৈশ্যপ্রহরী মুঞ্জুরুল হক। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ইউএনও’র গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।
ইউএনও মো. লিয়াকত আলী সেখ জানান, ঘটনার দিন দুপুরের পর থেকেই উপজেলার শেরুয়া বটতলা বাজারসহ বিভিন্ন এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে তারর নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এসময় খানপুর ইউনিয়নের বড়ইতলী নবীনগর ও নলডাঙ্গি এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর আসে। পরে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে কাউকে না পাওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামগুলো খোলা হচ্ছিল। এসময় বালু উত্তোলনকারীদের ভাড়াটে লোকজন সংঘবদ্ধ হয়ে তাদেরকে ঘিরে ফেলেন। একইসঙ্গে চড়াও হন। এমনকি তারা উত্তেজিত হয়ে গাড়িতে ভাঙচুর চালায়। এসময় তার সঙ্গে অভিযানে থাকা ওই দুইজন সদস্য বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করে আহত করা হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যায়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়েই অতিরিক্ত পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান। একইসঙ্গে ইউএনওসহ ওই অভিযানের সব সদস্যদের উদ্ধার করেন। পাশাপাশি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/এসি
