সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণ ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য চায় এই ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি। শনিবার বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ আদালত প্রাঙ্গণে টানানো হয়।
ওই নোটিশে উল্লেখ করা হয়- হাইকোর্টের বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ গত ২৯ সেপ্টেম্বর একটি সুয়োমোটো রুল ইস্যু করে ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজে বিগত ২৫ সেপ্টেম্বর সংঘটিত গণধর্ষণের ঘটনা অনুসন্ধানের নিমিত্ত একটি অনুসন্ধান কমিটি গঠন করেন। উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী কিংবা যারা ঘটনা সম্পর্কে অবহিত তারা উক্ত কমিটির নিকট আগামী ৪ অক্টোবর রবিবার থেকে ৭ অক্টোবর বুধবার পর্যন্ত অফিস চলাকালীন জবানবন্দি প্রদান করতে পারবেন। কমিটির অফিসের ঠিকানা- কনফারেন্স রুম, জেলা ও দায়রা জজ আদালত (২য় তলা)।
আরো পড়ুন : চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন সালাহ্উদ্দিন
১ অক্টোবর দুপুরে বিচার বিভাগীয় তদন্ত কমিটির ৪ সদস্য এমসি কলেজ ছাত্রাবাসে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ছাত্রাবাসের নবনির্মিত ভবনসহ বিভিন্ন হল পরিদর্শন করেন তারা। কমিটির সদস্যরা ধর্ষণ ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন সিলেটের জেলা ও দায়রা জজ মো.বজলুর রহমান, অন্যান্য সদস্যরা হলেন- মহানগর মুখ্য হাকিম মো. আবুল কাশেম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সুলতান।
ইত্তেফাক/ইউবি
