খানাখন্দে পানি জমে জনদুর্ভোগ

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:১৭

ফরিদগঞ্জ-কালিরবাজার সড়ক

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

উপজেলা সদর বাজার থেকে কালিরবাজার পর্যন্ত ৮১০ মিটার দৈর্ঘ্যের এলজিইডির অধীন সড়কটিতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সড়ক জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন।

এ সড়কের পাশেই রয়েছে ১টি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ফরিদগঞ্জ উত্তর প্রাথমিক বিদ্যালয়। তাছাড়া উপজেলা সদরের সঙ্গে চাঁদপুর ও কালিরবাজারের বিকল্প সড়ক হিসেবে এটি ব্যবহূত হয়ে থাকে। স্থানীয় ব্যবসায়ী মো. জসিমউদ্দিন, আলমগীর হোসেন, মো. রুবেল, মো. ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, রিশিকেষ, পরেশসহ অনেকেই জানান, সড়কটিতে যাতায়াতে আমাদের প্রতিনিয়ত নিধারুণ কষ্ট পোহাতে হচ্ছে। বিশেষ করে মালামাল পরিবহনের সময় দুর্ঘটনার আশঙ্কায় থাকি। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি জানান তারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার জানান, সড়কটির দৈর্ঘ্য ৮১০ মিটার। টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যাদেশ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলে আগামী সপ্তাহে কাজ শুরু করা হবে। তিনি আরো জানান, আজিজ অ্যান্ড ব্রাদার্স ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। চাঁদপুর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে কাজটির টেন্ডার ও কার্যাদেশ দেওয়া হয়েছে। আমার উপজেলা প্রকৌশল দপ্তর কাজটি দেখাশুনা করবে।

সংশ্লিষ্ট ঠিকাদার আব্দুল আজিজ মুঠোফোনে জানান, বৃষ্টি ও বর্ষার কারণে কাজটি শুরু করা যায়নি। তাছাড়া বেশ কয়েকটি জায়গায় পুকুর পাড়ে গাইড ওয়াল রয়েছে সেখানে পানি নিষ্কাশন ছাড়া কাজ করা সম্ভব নয়। তাছাড়া তিনি আরো জানান, ঐ সড়কের দুই পাশে পানি জমে থাকায় সড়কটি নির্মাণের অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে পড়ে। তাই এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য সড়কের কাজের সঙ্গে দুই পাশে ড্রেন নির্মাণের জন্য প্রধান প্রকৌশলী দপ্তরে ডিও লেটার (আধা সরকারি পত্র) দিয়েছেন বলে জানান।পৌর মেয়র মো. মাহফুজুল হক জানান, টেন্ডার হওয়ার পর আমি নিজে একাধিকবার ঠিকাদারকে বলেছি কাজটি সম্পন্ন করার জন্য। তিনি আজ-কাল শুরু করছি বলে শুধু কালক্ষেপণ করে চলছেন।  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ ইউনুস হোসেন বিশ্বাস জানান, গত জুলাই মাসের শেষের দিকে কাজটির কার্যাদেশ দেওয়া হয়েছে। কাজ শুরু করতে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি জানান, ফরিদগঞ্জের সংসদ সদস্য সড়কের দুই পাশে ড্রেনসহ কাজটি সম্পন্ন করার জন্য ডিও লেটার এলজিইডির প্রধান কার্যালয়কে দিয়েছেন বিধায় একটু বিলম্ব হচ্ছে। ড্রেন ইনক্লুড করা হলে কাজটি অচিরেই শুরু করা হবে।