দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা
জুমের ফসল ঘরে তোলায় এখন ব্যস্ত দীঘিনালার পাহাড়ি জুমিয়ারা। জুম চাষে কিছু ফসল সারা বছর ধরে উত্তোলন হলেও জুম ধান তোলার মৌসুম এখন। জীবনের তাগিদে জুমচাষিরা এবারও পাহাড়ে ধান, ভুট্টা, কাকন, মারফাসহ বিচিত্র রকমের ফসল চাষ করেছেন। এদিকে এবার জুম ফসল অপেক্ষাকৃত ভালো হওয়ায় খুশি তারা। এ উপলক্ষ্যে পাহাড়িরা তাদের প্রচলিত নিয়মে জুম উত্সবও পালন করবেন।
নয় মাইলের কিরন ত্রিপুরা ও সরল ত্রিপুরা জানান, দীঘিনালায় এবার জুম ফসল ভালো হওয়ায় তারা খুব খুশি। দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা ওকাঁর বিশ্বাস জানান, জুম ফসল ভালো হওয়ার কারণ এবার উপযোগী আবহাওয়া ছিল। প্রচলিত ব্রি-ধান ২০ ছাড়াও কৃষি বিভাগের পরামর্শে জুমচাষিরা বিভিন্ন ধানের চাষ করায় অনেকে ভালো ফলন পেয়েছেন। তিনি আরো জানান, বৈশাখ ও জৈষ্ঠ্য মাসে পাহাড়ে বসবাসরত জুমচাষিরা জুমবীজ রোপণ শুরু করেন। আর ফলন তোলা শুরু হয় ভাদ্র মাস থেকে। ইতিমধ্যে অনেকের জুমের ধান পাকতে শুরু করেছে।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মর্তূজ আলী জানান, চলতি বছর খাগড়াছড়ি জেলায় ২ হাজার ২৫০ হেক্টর জমিতে জুম ধান চাষ হয়েছে।
