প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সফল করার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:১৮

বরিশাল অফিস

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সাধারণ মানুষ নিয়ে চিন্তা করেন। প্রতিটি কেবিনেট মিটিংয়ের পর তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন। সবাইকে মিলেমিশে কাজ করে সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সফল করার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। মুজিববর্ষ উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে সদর উপজেলার চড়বাড়িয়া লামছড়ি গুচ্চগ্রাম প্রকল্পে নবনির্মিত ৬০টি ঘর ও জমির দলিল হস্তান্তর এবং ২০ জন সুবর্ণ নাগরিকের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক, গুচ্ছগ্রাম প্রকল্পের আঞ্চলিক পরিচালক মো. রেজাউল বারীসহ স্থানীয় কর্মকর্তারা।  অনুষ্ঠানে স্থানীয় ৬০ জন ভূমিহীনের মধ্যে ঘর ও জমির দলিল এবং শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ) ২০ জনের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন প্রধান অতিথি।