স্থায়ী বাঁধের দাবি এলাকাবাসীর
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
দীর্ঘমেয়াদি বন্যার পর গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নে ব্যাপকভাবে নদীভাঙন শুরু হয়েছে। ভাঙনের তীব্রতা এতই ব্যাপক যে বুধবার রাতে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে গোহালিয়াবাড়ী গ্রামের নদী তীরবর্তী ১১টি বসতবাড়ি। এছাড়া একটি মসজিদ, একটি মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয়সহ আরো প্রায় ২০ থেকে ২৫টি বাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি এলাকাবাসীর।
স্থানীয় স্কুলশিক্ষক শামীম আল মামুন বলেন, নদীভাঙন এই অঞ্চলের মানুষের প্রতি বছরের সঙ্গী। সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু তা যথেষ্ঠ নয়। তাই এলাকাবাসীর দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। আমরা ত্রাণ নয়, স্থায়ী বাঁধ চাই।
এদিকে বৃহস্পতিবার সকালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা। এ সময় তিনি বলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসকের নির্দেশে ক্ষতিগ্রস্তদের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আর ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি বলেও তিনি মনে করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিহাব উদ্দিন বলেন, তাত্ক্ষণিক ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসহায়তা দিয়েছি। আর স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড তদারকি করে। টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, কালিহাতীর গোহালিয়াবাড়ি এলাকায় আড়াই থেকে তিন কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। আরো কিছু বাস্তবায়নাধীন প্রকল্প হাতে আছে।
