দশক পেরিয়ে গেলেও হয়নি সুরাহা

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:২৪

 

চাটমোহরে কর্মস্থলে অনুপস্থিত চার চিকিত্সক

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

প্রায় এক দশক ধরে কর্মস্থলে অনুপস্থিত চার জনের নাম এখনো চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকের তালিকায় রয়েছে বলে অভিযোগে জানা গেছে। অনুপস্থিত চিকিত্সকদের ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করা হলেও এখনো হয়নি সুরাহা।

হাসপাতাল সূত্রে জানা যায়, সহকারী সার্জন (ইএমও) ডা. অরুন্ধুতী কুন্ডু ২০১২ সালের ১৩ আগস্ট থেকে, সহকারী সার্জন (প্যাথলজি) ডা. গুলে তাজকীয়া ২০১১ সালের ১ জুন থেকে, বিলচলন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সক সহকারী সার্জন ডা. আরিফা সুলতানা ২০১০ সালের ৬ সেপ্টেম্বর থেকে এবং শীতলাই উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. রাশেদুল হক খান ২০১০ সালের ৩ সেপ্টেম্বর থেকে কোনো ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বার বার তাদের ঠিকানায় অনুপস্থিতির কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠি দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ঐ চার চিকিত্সকের সবাই দেশের বাইরে আছেন।

চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ মাস্টার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর একটা সুরাহা হওয়া দরকার। আমি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সুরাহার চেষ্টা করব।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, আমি সদ্য এ উপজেলায় যোগদান করেছি। চার চিকিত্সকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে বলে জেনেছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।