সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:২৮

 

সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আদমদীঘিতে কর্মরত বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে শনিবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন মতবিনিময় সভা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক, সাংবাদিক হাফিজার রহমান, গোলাম আম্বিয়া লুলু, খায়রুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা আনোয়ার হোসাইন প্রমুখ।

পিরোজপুরে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

পিরোজপুর অফিস পিরোজপুরে প্রায় সোয়া লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার শুরু হওয়া ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার ৫১টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১৬২টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। জেলাকে বিভিন্ন সাব ব্লকে বিভক্ত করে ১১ দিনব্যাপী এ কার্যক্রম চলবে। শনিবার সিভিল সার্জনের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, জেলার সাতটি উপজেলায় ১ লাখ ২৩ হাজার ১৪৯ জন শিশুকে দুই রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রেসব্রিফিংয়ে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সহকারী জেলা তথ্য কর্মকর্তা বিশ্বজিত্ সিকদার, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মারুফ মনসুর ও জেলা ইপিআই সুপারিনটেন্ডেট মো. তৈয়ব আলী হাওলাদার। 

জাতীয় সড়ক দিবসের প্রস্তুতি সভা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা আগামী ২২ অক্টোবর জাতীয় সড়ক দিবস পালনের লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কপিলমুনি শাখা স্থানীয় প্রেসক্লাবে শনিবার প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাবের সম্পাদক আ. রাজ্জাক রাজুর পরিচালনায় সভায় মাসব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মসূচি ঘোষণা করা হয়।

মির্জাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রের্নিং সেন্টারে (পিটিসিতে) ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিটিসি এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। এর উদ্বোধন করেন মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রের্নিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ডার শামীমা বেগম পিপিএম। এ সময় পিটিসির পুলিশ সুপার মো. আব্দুর রহিম শাহ চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান উপস্থিতি ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে পৌর মেয়রের সহযোগিতায় বৃক্ষরোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েজ লালমনিরহাট সরকারি কলেজ শাখা। শনিবার জেলা শহরের মিশন মোড় থেকে স্টেশন পর্যন্ত রোড ডিভাইডার  সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে খাঁচাসহ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।

উদীচীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ পরিষদের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা উদীচীর সভাপতি মো. আবু দাউদ আলী মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুখালী বার্তার সম্পাদক অ্যাডভোকেট মানিক মজুমদার, উদীচীর সহসভাপতি শিক্ষাবিদ সমীর জোয়াদ্দার প্রমুখ। উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের মধুখালী সংবাদদাতা ও মধুখালী বার্তার নির্বাহী সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠীর শিক্ষক মো. আবুল কালাম মোল্যা প্রমুখ।

রোপা আমন আবাদ পরিস্থিতির ওপর কর্মশালা

বরিশাল অফিস ‘বরিশাল অঞ্চলে চলমান রোপা আমন আবাদ এবং আগামী বোরো ও রবি মৌসুমে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে শনিবার ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি বরিশালের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-অর রশিদ।