আজারবাইজান ও আর্মেনিয়াকে ইরানের হুঁশিয়ারি

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:২৫

আজারবাইজান ও আর্মেনিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। নগরনো-কারাবাখ নিয়ে সংঘর্ষরত দেশদুটির উদ্দেশ্যে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, ইরানের সীমানায় কোনো পক্ষের আঘাতই সহ্য করা হবে না।

তিনি বলেন, সীমান্তে খুব কড়া নজরদারি রাখছে তার দেশ। তাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা ইরানের সীমানা লঙ্ঘনের বিষয়ে উভয় পক্ষকেই কঠোরভাবে সতর্ক করছি।

পার্সটুডের খবরে বলা হয়, সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষের মধ্যে ইরানের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে রকেট ও ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এর ফলে ইরানের এক শিশু আহত হয়েছে। 

আরও পড়ুন: অসুস্থ ট্রাম্পকে আন্তরিক সমর্থন জানালেন ওবামা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, সংঘাতের অবসান এবং সংলাপের ওপর গুরুত্ব দেন।


ইত্তেফাক/আরআই