সাত মাস বন্ধ থাকার পর পবিত্র ওমরা পালনের জন্য মক্কা এবং মদিনার পবিত্র স্থানগুলো উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। আগামীকাল (রোববার) থেকে এসব স্থান খুলে দেওয়া হবে বলে খবর পার্সটুডের।
জানা যায়, প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে বন্ধ ছিল এসব স্থান। প্রতিবছর বিশ্বের লাখ লাখ মুসলমান এসব স্থানে এসে ওমরা পালন করে থাকেন।
সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, ওমরা পালনের বিষয়টি তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত নাগরিকদের সুযোগ দেওয়া হবে। প্রতিদিন ছয় হাজার মানুষ ওমরা পালনের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে খুবই সতর্কতার সাথে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরা পালন করতে হবে। ওমরা পালনকারীদেরকে কয়েকটি গ্রুপে বিভক্ত করা হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।
খবরে বলা হয়, আগামী ১৮ অক্টোবর থেকে প্রতিদিন ওমরা পালনকারীর সংখ্যা ১৫ হাজারে বাড়ানো হবে। সর্বোচ্চ ৪০ হাজার মানুষকে কাবা শরীফে নামাজ আদায় করতে দেয়া হবে।
আরও পড়ুন: আজারবাইজান ও আর্মেনিয়াকে ইরানের হুঁশিয়ারি
এরপরে ১ নভেম্বর থেকে বিদেশি নাগরিকদের ওমরা পালনের সুযোগ দেয়া হবে। এ সময় থেকে প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরা পালন করতে পারবেন এবং মসজিদের ভিতরে ৬০ হাজার মানুষকে নামাজ পড়ার অনুমতি দেয়া হবে।
ইত্তেফাক/আরআই
