কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে অটোমেশন আটকে রাখছেন: সালমান এফ রহমান
ইত্তেফাক রিপোর্ট
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতা প্রয়োগে স্বেচ্ছাচারিতা নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে মাঠ পর্যায়ে অবৈধ লেনদেনে বাধ্য করার ইস্যুও উঠেছে। এসব সমস্যা সমাধান তথা রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে অটোমেশন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আলোচনা দীর্ঘদিন ধরে চললেও তাতে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। এর ফলে একদিকে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠছে, অন্যদিকে প্রত্যাশিত রাজস্ব আদায়ও হচ্ছে না। গতকাল শনিবার দেশের কর ব্যবস্থাপনা ও এর সংস্কার নিয়ে আয়োজিত এক এক সংলাপে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। রিসারজেন্ট ডায়ালগ নামে আয়োজিত ঐ সংলাপের আয়োজন করে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ প্ল্যাটফরম রিসারজেন্ট বাংলাদেশ। এতে সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি ও অর্থনীতিবিদরা তাদের মতামত তুলে ধরেন। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
আলোচনায় অংশ নিয়ে ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ নিজের প্রতিষ্ঠানের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ইপিজেডে অবস্থিত তার শিল্পের ২০ লাখ টাকার পণ্য আনা হলেও এইচএস কোড (পণ্যের পরিচিতি নম্বর) না থাকায় এর ওপর ১১ লাখ টাকা শুল্ক দাবি করে সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষ। না দিলে পণ্য খালাস হবে না। ফলে উত্পাদন আটকে থাকবে। বাধ্য হয়ে ঐ টাকা পরিশোধ করি। আমাদের ক্ষেত্রে এ পরিস্থিতি হলে বিদেশি বিনিয়োগকারী কিংবা অপেক্ষাকৃত ছোট ও মাঝারি উদ্যোক্তাদের কী ধরনের হয়রানি পোহাতে হয়। অথচ আমরা বিদেশি বিনিয়োগ বাড়াতে চাই। ভ্যাট সনদ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ভ্যাট অফিসের কর্মীরা টাকা চায়। এটাই বাস্তবতা। এনবিআরের কার্যক্রম এখনো অটোমেটেড না হওয়ায় অসন্তোষের কথা জানিয়ে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে এখন এনালগ এনবিআর চাই না। অবশ্য তার বক্তব্যের একটু পর বক্তব্য দিতে এসে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, সংশ্লিষ্ট কাস্টমস হাউজের কমিশনারের সঙ্গে কথা হয়েছে। ইস্যুটি তারা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, কিছু জিনিস করতে চায় না এনবিআর। অটোমেশন, ডিজিটালাইজেশনে অনাগ্রহের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি ষড়যন্ত্র (স্যাবোটাজ) কি না—সে প্রশ্নও তোলেন তিনি। তিনি বলেন, কর্মকর্তাদের পাশাপাশি করদাতাদেরও মনোভাব পরিবর্তন করতে হবে। এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব দুই-তিন বছরের জন্য না দিয়ে পাঁচ বছরের জন্য দেওয়া উচিত বলে মত দেন তিনি। অবশ্য এসব অটোমেশন পিছিয়ে যাওয়ার জন্য পুরো দায় এনবিআরের নয়, উল্লেখ করে এনবিআরের সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন এসব ইস্যু সঠিকভাবে যাচাই করার আহ্বান জানান।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা দীর্ঘদিনেও রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশিত সংস্কার না হওয়া নিয়ে নিজেদের হতাশার কথা জানান। পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ২০১২ সালের নতুন ভ্যাট আইন ২০১৯ সালে বাস্তবায়নকালে কিছুই রাখা হয়নি। পুরো আইনটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনকার আইন যুতসই মানের নয়। বহুস্তর ভ্যাট ব্যবস্থা ঠিক নয়। এতে ব্যবসায়ীদের ভোগান্তিও বাড়বে আবার রাজস্ব আহরণও ঠিকমতো হবে না।
এমসিসিআই, ডিসিসিআই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বিল্ড ও পলিসি এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে গঠিত প্ল্যাটফরম রিসারজেন্ট বাংলাদেশ। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্ট ড. মসিউর রহমান, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বিল্ডের চেয়ারম্যান আবুল কাশেম খান প্রমুখ।
