মুমিনুলের স্বস্তির সেঞ্চুরি

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২১:৫৭

প্রস্তুতি ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার

সকালটা শুরু হয়েছিল এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমানের দুরন্ত বোলিংয়ে। গতকাল দিনের ছয় ওভারের মধ্যেই এবাদতের বোলিংয়ে সাদমান ইসলাম (১৩), ইয়াসির আলী (২) উইকেটের পেছনে ক্যাচ দেন। রায়ান কুক একাদশকে বিপর্যয়ে ফেলেন তরুণ তুর্কি হাসান মাহমুদ। গতিময় ফাস্ট বোলিং করেছেন তিনি। দিনের ১১ ও নিজের দ্বিতীয় ওভারেই মুশফিকুর রহিমের অফ স্ট্যাম্প উপড়ে ফেলেন হাসান।

ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু ব্যাট নেওয়ার আগেই হাসানের তীব্র গতির বলটা তার অফ স্ট্যাম্প তুলে নেয়। পেসারদের দাপটে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে রায়ান কুকের একাদশ। তারপর দিনের বাকি সময়ে বৃষ্টির আসা-যাওয়ার খেলা এড়িয়ে আরো ২টির বেশি উইকেট নিতে পারেনি ওটিস গিবসন একাদশ। কারণ ততক্ষণে মোহাম্মদ মিঠুনকে নিয়ে দেওয়াল গড়ে তুলেছিলেন অধিনায়ক মুমিনুল হক।

সাত মাস পর খেলতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গতকাল ৭৬ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৪৮ রান তুলেছিল রায়ান কুক একাদশ। আগের দিন ২৩০ রানে অলআউট হয়েছিল ওটিস গিবসন একাদশ। মুমিনুলের সেঞ্চুরির সুবাসে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। আজ বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। আগামী ৫-৬ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দিনের পঞ্চম ওভারে উইকেটে এসেছিলেন মুমিনুল। মিঠুনের সঙ্গে চতুর্থ উইকেটে ১৫৭ রানের জুটি গড়েছেন তিনি। মিঠুন ৬২ রান করে ফিরেন। মুমিনুল ২২০ বল খেলে ১৪টি চার ও ১টি ছক্কায় ১১৭ রান করে অবসরে যান। নুরুল হাসান সোহান ২২, সাইফউদ্দিন অপরাজিত ১০, তাইজুল অপরাজিত ৬ রান করেন। এবাদত ২টি, হাসান মাহমুদ, নাঈম হাসান ও মাহমুদউল্লাহ ১টি করে উইকেট পান।

গতকাল দিনের খেলা শেষে মুমিনুল বলেছেন, ব্যাটিংয়ের সময় টেনশনে ছিলেন। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘খেলা শুরু হওয়ার আগে কিছুটা টেনশনে ছিলাম। মানুষ হিসেবে টেনশন থাকাটাই স্বাভাবিক। শেষ সাত মাস ধরে আমরা খেলিনি। শুধু অনুশীলন করেছি। প্রথমে একটু নার্ভাস ছিলাম।’

ব্যাটসম্যান, বোলারদের ভালো অনুশীলন হয়েছে বলে জানান মুমিনুল। পেসারদের প্রশংসা করেছেন তিনি। উইকেটে গিয়ে টিকে থাকার চেষ্টাই ছিল তার মনে। মুমিনুল বলেছেন, ‘চেষ্টা করছিলাম টেস্ট ম্যাচে যে রকম এনভায়রনমেন্ট থাকে, যে রকম সিচুয়েশন থাকে ঐ ভাবে শুরু করার চেষ্টা করেছিলাম। চিন্তা ছিল ব্যাটসম্যান হিসেবে যারা ব্যাটিং করেছিল রানের জন্য না খেলে আমরা যেন সারাটা দিন ব্যাটিং করতে পারি।’