স্পোর্টস ডেস্ক
দলবদল মৌসুমটা বেশ অদ্ভুত যাচ্ছে চলতি বছরে। আগামীকাল ৫ অক্টোবর যখন দলবদলের সময়সীমা শেষ হবে, এরপরেও কিছু নামি খেলোয়াড়কে দেখা যাবে কোনোরকম ক্লাব-চুক্তি ছাড়াই। শুধু কি খেলোয়াড়? একসময় বড় দলের দায়িত্বে ছিলেন, কিন্তু এখন রীতিমতো বেকার; এমন কোচের সংখ্যাও ইউরোপে কম নয়!
n মরিসিও পচেত্তিনো
টটেনহ্যাম হটস্পারকে মধ্যমমানের দল থেকে ইউরোপের অন্যতম সেরায় পরিণত করেছিলেন মরিসিও পচেত্তিনো। কিন্তু দলকে ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার ছয় মাসের মধ্যেই চাকরি হারান আর্জেন্টাইন এই কোচ। ক্লাবের বাজে ফর্মের জেরে গেল নভেম্বরে পদচ্যুত হওয়ার পর থেকে এখনো কোনো দলের দায়িত্ব নেননি পচেত্তিনো। মাঝে মোনাকো ও বেনফিকার প্রস্তাব পেলেও তা প্রত্যাখ্যান করেছেন ভালো সুযোগের আশায়।
n ম্যাসিমিলানো অ্যালেগ্রি
জুভেন্তাসে পাঁচটা দারুণ বছর কাটানোর পর ২০১৮-১৯ মৌসুমের পর সরে দাঁড়িয়েছিলেন দলটির ইতালিয়ান কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি। এরপর থেকেই কর্মহীন আছেন তিনি। মাঝে অবশ্য রোমায় যোগ দেওয়ার আলোচনা ছিল তার, গুঞ্জন আছে পিএসজিতে থমাস টুখেলের জায়গা নেওয়ারও!
n কিকে সেতিয়েন
গেলো জানুয়ারিতে বার্সেলোনার দায়িত্বে এলেও তা অনেকটা চমক হিসেবেই এসেছিল কিকে সেতিয়েনের কাছে। স্প্যানিশ এই কোচের জন্য মধুচন্দ্রিমাটা নরকযন্ত্রণা হতেও সময় নেয়নি খুব। গেল আগস্টে বার্সেলোনা ইতিহাসের সবচেয়ে শোচনীয় চ্যাম্পিয়ন্স লিগ হারের পরই চাকরি যায় তার। এরপর থেকে আবারও চাকরিহীন হয়ে পড়েন তিনি।
n মাউরিজিও সারি
ইউরোপীয় ফুটবলে মাউরিজিও সারি পাদপ্রদীপের আলোয় এসেছিলেন ন্যাপোলির দায়িত্ব নেওয়ার পর। খেলোয়াড়ী জীবনহীন কোচেদের সংক্ষিপ্ত তালিকায় ঢোকা যে চাট্টিখানি কথা নয়। এমনকি অর্জনের খাতাটাও মন্দ নয় তার। চেলসিকে জিতিয়েছেন ইউরোপা, জুভেন্তাসকে লিগ শিরোপা।
এরপরও গেল মৌসুমে তুরিনের ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারার ‘ব্যর্থতা’র ফলে চাকরি যায় তার। চলতি মৌসুমের শুরুতে ব্যতিক্রমী এক অভিজ্ঞতার মুখোমুখি তিনি। ক্যারিয়ারে এই প্রথম কোনো মৌসুমের শুরুতে কর্মহীন ইতালির এই কোচ।
n আর্নেস্তো ভালভার্দে
বার্সেলোনাকে টানা দুই লিগ শিরোপা জেতালেও চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতার কারণে ২০১৯-২০ মৌসুমের শুরু থেকেই তোপের মুখে ছিলেন ভালভার্দে। মৌসুমের মাঝামাঝিতে স্প্যানিশ সুপারকাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারে বরখাস্তই হন স্প্যানিশ এই কোচ। এরপর থেকেই চাকরিহীন বাস্ক এই কোচ।
