স্পোর্টস ডেস্ক
শুরুর টানা দুই হারের ক্ষত সারিয়ে টানা চতুর্থ ম্যাচ জিতেছে পিএসজি। অ্যাঞ্জার্সকে ৬-১ ব্যবধানে হারানোর দিনে আলো ছড়িয়েছেন নেইমারও, দুই গোল করে করিয়েছেন আরো একটি। দিনটা এরপরও ভালো হয়নি পিএসজি কোচ থমাস টুখেলের। ম্যাচের আগে দলের দলবদল কার্যক্রমে হতাশা প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষের রোষে পড়েছেন তিনি।
শুক্রবার রাতে পিএসজি এগিয়ে যেতে সময় নেয় মোটে ৭ মিনিট। আলেসান্দ্রো ফ্লোরেঞ্জির গোলটির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফরাসি চ্যাম্পিয়নদের। এরপর ৩৬ আর ৪৭ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান নেইমার। ৫২ মিনিটে সফরকারি অ্যাঞ্জার্স এক গোল শোধ করলেও এরপর জুলিয়ান ড্র্যাক্সলার, ইদ্রিসা গুয়ে, আর কিলিয়ান এমবাপের গোলে সহজ জয়ই পায় টুখেলের দল।
গেল মৌসুমে বড় সফলতাই পেয়েছিল পিএসজি। ঘরোয়া তিনটি শিরোপা জিতেছিল, চলে গিয়েছিল চ্যামিপয়ন্স লিগ ফাইনালেও। সেটা ধরে রাখার লক্ষ্যেই আরো কিছু দলবদল চেয়েছিলেন টুখেল। কিন্তু চলমান পরিস্থিতিতে ক্লাবের জন্য সেটা কিছুটা কঠিনই।
ম্যাচের আগে এ জন্যই জার্মান এই কোচ কিছুটা হতাশাই প্রকাশ করেন। বলেন, ‘ফুটবলে যে কোনো কিছুই সম্ভব। আমরা জানি একই কাজ বারবার করতে হলে আপনার কিছুটা ভাগ্যও দরকার। যদি আজকের স্কোয়াডটা নিয়েই খেলি আমরা, সত্যি বলছি, আমরা একই ফলাফল আশা করতে পারি না। কারণ পরিস্থিতিটা এমনই!’ এ মন্তব্যের প্রতিক্রিয়ায় পিএসজির ক্রীড়া ব্যবস্থাপক লিওনার্দো ক্ষোভ প্রকাশ করেছেন। ইঙ্গিত দিয়েছেন শাস্তিরও! বলেছেন, ‘কোচ টুখেল যা বলেছেন তা আমার পছন্দ হয়নি। আমি বুঝিইনি এটা কেন বলেছেন তিনি! ক্লাবও পছন্দ করেনি এটা। এ ব্যাপারে অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কেউ খুশি না হয়, তাহলে কথা বলতে পারি আমরা, কোনো সমস্যা নেই।’
