স্পোর্টস ডেস্ক
চতুর্থ ম্যাচে এসে তৃতীয় জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল আবুধাবির শেষ আবু জায়েদ স্টেডিয়ামে জয়টা এলো অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং ঝড়ে। কোহলির ৭২ রানের ইনিংসে দলটি আট উইকেটের বড় জয় পায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে করে ১৫৪ রান। সর্বোচ্চ ৪৭ রান করেন মহিপাল লোমরোর। রাহুল তেওয়াতিয়া ২৪ ও জশ বাটলার ২২ রান করেন। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। অন্যদিকে দুই উইকেট নেন লঙ্কান পেসার ইসুরু উদানা।
জবাব দিতে নেমে পাঁচ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালুরু। ওপেনার দেবদূত পাদিক্কালের ৪৫ বলে করা ৬৩ রানের ইনিংসের কল্যাণে জয়ের ভিত গড়ে ওঠে। এরপর বিরাট কোহলির ঝড়ে নিশ্চিত হয় জয়। বিরাটের ৫৩ বলে করা ৭২ রানের ইনিংসে ছিল সাতটি চার ও দুইটি ছক্কা।
আর ১২ রান করে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং দানব এ বি ডি ভিলিয়ার্স। রাজস্থানের হয়ে একটি করে উইকেট নেন জোফরা আর্চার ও শ্রেয়াস গোপাল।
চতুর্থ ম্যাচ খেলে এটা রাজস্থান রয়্যালসের দ্বিতীয় পরাজয়। অন্যদিকে বেঙ্গালুরু এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে এসেছে।
