মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে যুদ্ধ করতে হবে -----এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:২৮

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর দৌহিত্র মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, এককভাবে পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যানসহ সব জনপ্রতিনিধিকে এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার দুপুরে তার নির্বাচনি এলাকা চরভদ্রাসন উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি আরো বলেন, চরভদ্রাসনের একদিকে মানিকগঞ্জ, অন্যদিকে ঢাকা জেলা, তার ওপর এলাকাটি চরাঞ্চল। তাই মাদক ব্যবসায়ীরা এর সুবিধা নিচ্ছে। তিনি সব স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের নাম-ঠিকানা পুলিশের কাছে দেওয়ার।

নিক্সন চৌধুরী আরো বলেন, চরভদ্রাসন একটি নদীভাঙনকবলিত উপজেলা। ভাঙন ঠেকাতে সরকার প্রায় ৩০০ কোটি টাকার নদীশাসনের কাজ করছে। অথচ একশ্রেণির অসাধু অবৈধ ড্রেজার ব্যবসায়ী বালু কেটে নদীশাসনের কাজকে ব্যাহত করছে। তিনি উপজেলা প্রশাসনকে দ্রুত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানার অফিসার ইনচার্জ নাজনীন খানম, সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন দপ্তরের উপজেলা প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।