রংপুরে শরতেও শীত-বর্ষার আমেজ!

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:২৯

স্টাফ রিপোটার, রংপুর

ঋতুর পালাবদলে শরত্ এলেও রংপুরে এখনো বিরাজ করছে শীত ও বর্ষার আমেজ। কয়েক দিন ধরে টানা বৃষ্টি হলেও গত রবিবার ছিল তীব্র গরম আর আকাশে ভেসে চলছিলো মেঘের ভেলা। অপর দিকে, রাত পার হয়ে ভোর হলেই দেখা যায় ঘাসের গায়ে গায়ে শিশির বিন্দু আর কুয়াশার চাদরে ঢেকে থাকা প্রকৃতি। গত কয়েক দিন প্রকৃতির এমনই রূপ দেখা গেছে রংপুরে। অন্য সময় আশ্বিনের মাঝামাঝি মেঘমুক্ত নীল আকাশের দেখা মিললেও এবছর কিছুটা ব্যতিক্রম। রংপুর অঞ্চলে পর পর পাঁচ দফা বন্যার রেশ কাটতে না কাটতেই অনেক স্থানে টানা বৃষ্টিতে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। বেড়ে গেছে তিস্তা, ধরলাসহ কয়েকটি নদনদীর পানি। মধ্যে রাত থেকে সকাল ৭টা পর্যন্ত অনেক স্থানে কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। এই কুয়াশা সবজি চাষিদের চিন্তায় ফেলেছে।

বৃষ্টি ও কুয়াশা দেখে স্থানীয়রা এক ঋতুর মধ্যে তিন ঋতুর আমেজের কথা বলছেন। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, বর্তমানে এ অঞ্চলে তাপমাত্রা উঠানামা করছে। দিনে গড় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস আর রাতে-পরদিন সকাল পর্যন্ত ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভারতের হিমালয় পর্বত আমাদের নিকটবর্তী হওয়ায় মধ্যে রাত থেকে হিমেল বাতাসসহ কুয়াশা আসছে।