মাটি ছাড়া হাইড্রোপনিক পদ্ধতিতে টম্যাটো চাষ!

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:৩০

মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মাটি ছাড়াই হাইড্রোপনিক পদ্ধতিতে টম্যাটো চাষ করা হচ্ছে। এতে সাফল্যও পেয়েছেন ফার্মডেক্স এগ্রোর পরিচালক তরুণ উদ্যোক্তা জাহিদুল ইসলাম মিলন। প্রায় দুই মাস আগে ২ হাজার স্কয়ারফিট একটি লম্বা ঘরের ভেতরে বিউটি টম্যাটো গাছ লাগন তিনি। এরই মধ্যে গাছগুলো ফুল ও ফলে ভরে গেছে। আর কিছুদিন পরেই বিক্রিযোগ্য হবে টম্যাটো। মাটি ছাড়াই প্লাস্টিক বস্তার মধ্যে নারিকেল ছোবরার গুড়ার মধ্যে ঐ টম্যাটো চারাগুলো রোপণ করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শাহানগাছাতে এই বিউটি টম্যাটোর চাষ হচ্ছে।

সিরাজগঞ্জে ফার্মডেক্স এগ্রোর পরিচালক জাহিদুল ইসলাম মিলন বলেন, মেরিন ইনস্টিটিউট থেকে ২০০১ সালে আইএসসি ইঞ্জিনিয়ারিং এ পাস করে চাকরি না করে নিজেই উদ্যোক্তা হয়েছি। ২ হাজার স্কয়ারফিট গ্রিন হাউজে ৬৪০টি বিউটি টম্যাটোর চারা লাগানো হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। ৬৪০টি গাছ থেকে সপ্তাহে ৩০০ কেজি টম্যাটো পাব। তাতে খচর শেষে প্রায় আড়াই লাখ টাকা লাভ হবে। দুই মাস হলো টম্যাটোর চারা লাগানো হয়েছে। আর কিছুদিনের মধ্যেই ফল সংগ্রহ শুরু করব। এই ফার্মডেক্স এগ্রোতে লাউ, কাঁচা মরিচ, ফুলকপি, বাঁধাকপি, শসা, খিরা, ক্যাপসিকাম, স্ট্রবেরি, গাঁদা, গোলাপ, অর্কিডসহ নানা ধরনের ফসল আগামীতে উত্পাদন হবে বলে তিনি জানান। টম্যাটোর পর তিনি নেট মিলন চাষের জন্য এরই মধ্যে চারা উত্পাদন করে লাগানো শুরু করেছেন বলে জানান।