সাত মাস পর আজ থেকে পবিত্র ওমরাহ শুরু

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:৪২

সাত মাস বন্ধ থাকার পর সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আজ রবিবার থেকে সীমিত পরিসরে ফের শুরু হতে যাচ্ছে ওমরাহ। ওমরাহ চালুর তিন ধাপবিশিষ্ট পরিকল্পনার প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থানরতরা অংশ নিতে পারবেন। এছাড়া মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ-ই-নববি নিবন্ধিত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। এরই মধ্যে করোনা রোধে পবিত্র দুই মসজিদে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরব নিউজ ও সৌদি গেজেটের খবরে বলা হয়, তিন ধাপের প্রথম ধাপ আজ ৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ১ হাজার করে ছয়টি দলে মোট ৬ হাজার লোক ওমরাহে অংশগ্রহণ করতে পারবে। ১৮ অক্টোরব দ্বিতীয় ধাপে প্রতিদিন ১৫ হাজার লোক                 অংশগ্রহণ করতে পারবে। ১ নভেম্বর তৃতীয় ধাপে প্রতিদিন ২০ হাজার লোক অংশ নিতে পারবে। তৃতীয় ধাপে বিশ্বের সব সুনির্দিষ্ট দেশের মুসলিমরা অংশগ্রহণের সুযোগ পাবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চতুর্থ ধাপে ওমরাহ ও পবিত্র দুই মসজিদ স্বাভাবিক হবে। ওমরাহে অংশগ্রহণের জন্য ‘ইতিমারনা’ অ্যাপের সাহায্যে নিবন্ধন করতে হয়। গত ২৭ সেপ্টেম্বর অ্যাপটি চালু হওয়ার পাঁচ দিনের মধ্যে ১ লাখ ৮০ হাজার ৪১ জনের নিবন্ধন সম্পন্ন হয়। প্রথম ধাপে প্রতিটি দল ওমরাহের জন্য তিন ঘণ্টা সময় পাবে। তাওয়াফের সময় ওমরাহ পালনকারীদের নিয়ে চলার জন্য ১৬ জন দলনেতা থাকবেন। এই সময়ে করোনা থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে ওমরাহ কার্যক্রম ২৬ ফেব্রুয়ারি থেকে বন্ধ ছিল।