কালীগঞ্জে তরুণীকে যৌন হয়রানি, ছাত্রলীগ নেতা আটক

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:৫১

কালীগঞ্জে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ছাত্রলীগ নেতা সোহেল গাজী (২০) উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে। তিনি ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সোহেলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, ছাত্রলীগ নেতা সোহেল গাজী শুক্রবার গভীর রাতে স্থানীয় এক তরুণীর বাসায় গিয়ে যৌন হয়রানিকালে এলাকার লোকজন তাকে ধরে পুলিশে খবর দেয়। এ ঘটনায় মেয়েটির বাবা মামলা করেছেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী নুর আহমেদ রনি বলেন, এ ঘটনায় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার বলেন, সোহেল গাজীর কর্মকাণ্ড ছাত্রলীগের সুনাম নষ্ট করেছে।