সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ

নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ২২:৫৩

করোনা ভাইরাসে দেশের সাংস্কৃতিক অঙ্গন ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ার কারণে কোটি কোটি টাকার সাংস্কৃতিক অনুষ্ঠানের বাদ্যযন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। তাই সীমিত আকারে হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান চালু করার দাবি জানিয়েছে চট্টগ্রাম প্রফেশনাল স্টেইজ পারফর্মার অ্যান্ড সাউন্ড লাইটিং ফোরাম। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি আলাউদ্দিন তাহের লিখিত বক্তব্যে বলেন, করোনার প্রাদুর্ভাবের পর গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে। ফোরামের প্রায় ১০ হাজার সদস্য ও তাদের পরিবার উপার্জন না থাকায় কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এছাড়া অনুষ্ঠান বন্ধ থাকায় কোটি টাকা দামের সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও লাইটিং সামগ্রী অব্যবহূত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, সাউন্ড সিস্টেম ও লাইটিং ব্যবসায়ীরা অনেকে ব্যাংক লোন নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছেন। আয় না থাকায় তারা লোন পরিশোধ করতে পারছেন না। পাশাপাশি এসব মালামাল রাখার জন্য যেসব গুদাম মাসিক ভাড়া হিসেবে নেওয়া হয়েছে, তার ভাড়া পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সাংস্কৃতিক অনুষ্ঠান চালু করতে চাই। এজন্য সরকারের সুদৃষ্টি প্রত্যাশা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরাম নেতা ফণী ভূষণ দেব, সুশান্ত দত্ত, অ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু, টিসু পালিত, সাদাত আনোয়ার, রায়হান কাদীর চৌধুরী, সুজিত চৌধুরী, হাজি জাহিদ উদ্দীন, অজয় চক্রবর্ত্তী, রেজাউল করিম রেজা, রুমেন চৌধুরী, অ্যাডভোকেট মো. কাইছার উদ্দীন ও বাহার মজুমদার।