খাগড়াছড়ি থেকে অপহূত অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ১৩ দিন পর ঢাকার নবাবগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের অভিযোগে ইয়াসিন মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার উদ্ধারের পর তাদের খাগড়াছড়ি নেওয়া হয়। উদ্ধার হওয়া স্কুলছাত্রী খাগড়াছড়ির নুনছড়ি এলাকার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। আর গ্রেফতার হওয়া ইয়াছিন মোল্লা কিশোরগঞ্জের শিমুল তলার বাসিন্দা মাঈন উদ্দিন মোল্লার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ জানান, গত ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদর উপজেলার নুনছড়ি থেকে নিখোঁজ হয় ওই ছাত্রী। পরে ঘটনার একদিন পর মেয়ের মা বাদী হয়ে ইয়াছিন মোল্লার নাম উল্লেখ করে সদর থানায় একটি অপহুরণ মামলা করেন। তদন্তকালে প্রযুুক্তি ব্যবহারের মাধ্যমে গতকাল নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। তাদের জিজ্ঞাসাবাদের পর অপহরণ রহস্য জানা যাবে।
