রাজস্ব বাড়ানো ও বর্জ্য ব্যবস্থাপনায় নিয়মতান্ত্রিক শৃঙ্খলা আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন বর্জ্য সংগ্রহ টেন্ডারে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বাসাবাড়ি থেকে বর্জ্য নিতে অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ হবে বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহামান জানান, আগে একই ওয়ার্ডে অনেকেই বাসাবাড়ির বর্জ্য নিয়ে কাজ করেছে; কিন্তু আমরা এবার নির্দিষ্ট করে দিতে চাই। বেশির ভাগ ওয়ার্ডে আমরা বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য টেন্ডারের মাধ্যমে এক জনকে দায়িত্ব দিতে চাই। তবে সংস্থাটির পুরোনো ওয়ার্ডগুলোতে কর্মরত প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডারদের (পিসিএসপি) সঙ্গে অনুষ্ঠিত চুক্তির মেয়াদ থাকায় আপাতত ঐসব ওয়ার্ডে টেন্ডার হচ্ছে না। নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা পুরো বিষয়টিকে একটি ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। এজন্য একটি নীতিমালা করে দেওয়া হবে। বর্জ্যের ফিও নির্ধারণ করে দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে আমাদের নতুন যেসব ওয়ার্ড রয়েছে, সেখানে এটি টেন্ডারে দেব। আমরা পুরো কাজটি আউট সোর্সিংয়ের মাধ্যমে করতে চাই।
