রাজধানীর রামপুরায় তিন তলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে জাহিদুল ইসলাম (৪০) নামে পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জাহিদুল প্রটেকশন বিভাগে কর্মরত আছেন। শনিবার সকালে পূর্ব রামপুরা পুরাতন পুলিশ ফাঁড়ির পানির পাম্প সংলগ্ন ২০৮/সি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
পূর্ব রামপুরার ২০৮/সি নম্বর বাড়ির কেয়ারটেকার এনামুল হক জানান, শনিবার সকালে ঐ বাড়ির মালিকের স্ত্রী ছাদে যান। পানির ট্যাংকে পানি আছে কি না, তা দেখেন। এ সময় পানির ট্যাংকের পাশে মোবাইল ফোন ও সিগারেটের প্যাকেট পড়ে থাকতে দেখেন। তিনি বাড়ির তৃতীয় তলায় জাহিদুলের ফ্ল্যাটে যান। সেখানে দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করেন। তখন জাহিদুলের ড্রইং রুমে টিভি ও ফ্যান চালু দেখতে পান। তবে কক্ষে কাউকে দেখতে পাননি। তিনি আবারও ছাদে গিয়ে নিচে তাকিয়ে দেখেন যে দুই ভবনের মাঝে ফাঁকা স্থানে এক জনকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি বাড়ির কেয়ারটেকারকে জানান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
