উন্নয়ন গবেষণা খাতে অর্থ বাড়ানোর সুপারিশ

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০০:০৮

বাংলাদেশে গবেষণার ওপর গুরুত্ব কম দেওয়া হয়। আগে বৈদেশিক সহায়তায় অনেক গবেষণা হলেও এখন তা কমে গেছে। সরকারিভাবে উন্নয়ন গবেষণা খাতে অর্থায়ন করা যেতে পারে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা সেল ও অর্থ বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। গত শুক্রবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের ওয়েবিনারের ৩০তম পর্বে ‘বাংলাদেশে উন্নয়ন খাতে গবেষণা’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

ওয়েবিনারে একশন ফর সোশ্যাল ডেভলপমেন্ট (এএসডি)-এর নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন গবেষণার সূচনা কুমিল্লার বার্ড থেকে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ব্র্যাক, প্রশিকা এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সারা দেশে উন্নয়ন কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটে। সে সঙ্গে প্রসার ঘটে উন্নয়ন গবেষণার এবং এ সময় থেকে প্রচুর বিদেশি তহবিল আসতে থাকে। তবে বর্তমানে বিদেশি বিভিন্ন গবেষণা সংস্থার তহবিল কমে গেলেও সরকার নতুন নতুন অনেক তহবিল সৃষ্টি করে তার মাধ্যমে গবেষণা করছে।

সামাজিক গবেষণা গ্রুপের সদস্য সমন্বয়ক কৃষ্ণ কুমার সাহার পরিচালনায় ওয়েবিনারটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, গবেষক, এনজিও কর্মী অংশ নেন।