এলিফ্যান্ট রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাটা সিগন্যাল ক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সকালেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে বিকালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিউমার্কেট থানার এসআই রাশেদুল ইসলাম জানান, দেলোয়ার এলিফ্যান্ট রোডের এসকে গলির একটি বাসায় ভাড়া থাকতেন। সকালে তিনি এলিফ্যান্ট রোডের বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। বাটা সিগন্যাল পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি আরো জানান, পুলিশ ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
জানা গেছে, নিহত দেলোয়ারের বাবার নাম নজরুল কোতয়াল। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামে।
