পাকিস্তান সরকারের নিপীড়নমূলক নীতির কারণে বেলুচিস্তানের সংস্কৃতি ও পরিচয় বিপন্ন বলে জাতিসংঘে অভিযোগ করেছেন বেলুচ ভয়েস এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুনির মেঙ্গাল। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ৪৫ তম অধিবেশনে এমন অভিযোগ করেন তিনি।
মুনির মেঙ্গাল বলেন, পাকিস্তান বেলুচিস্তানে উপনিবেশবাদ এবং কাঠামোগত বৈষম্যের কৌশলগত নীতি বেছে নিয়েছে। এক পাশ দিয়ে বেলুচিস্তানের জনগণকে পদ্ধতিগতভাবে সেনা অভিযান, উচ্ছেদ এবং গুম করে নির্যাতন করা হচ্ছে। অপর দিকে তাদের সংস্কৃতি , মাতৃভাষায় লেখাপড়া, সাংস্কৃতিক রীতিনীতি এবং ঐতিহ্য থেকেও দূরে রাখা হচ্ছে। কারণ তাদের পরিছয় মুছে ফেলতে চায় পাকিস্তান।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের বরাত দিয়ে মুনির মেঙ্গাল আরো বলেন, বেলুচিস্তানের ৩৬ লাখ স্কুলে যাওয়ার মত শিশু রয়েছে। এদের মধ্যে ২৩ লাখই লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। সেখানে ১৩ হাজার স্কুলের মধ্যে ৯ হাজার স্কুলেই খাওয়ার পানি এবং টয়লেটের ব্যবস্থা নেই।
বেলুচ ভয়েস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আরো অভিযোগ করেন, আইএস জঙ্গিদের দিয়ে বেলুচিস্তানের রাজনীতিবিদদের নির্মূল করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে তারাই সুবিধা পাচ্ছেন যারা বেলুচিস্তানের জনগণকে হত্যার পক্ষে কাজ করছে এবং তারদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে।
ইত্তেফাক/এআর
