রাজধানীতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
আজ রবিবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার বলেন, রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ২৭ অক্টোবর মামলার রায়ের তারিখ ঠিক করেছেন আদালত। আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।
২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদরাসা ছাত্রকে আটক করে।
ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করায় বাবুকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেছেন। আটকের সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
আরো পড়ুন : করোনা ভাইরাস : আরো ২৩ মৃত্যু, শনাক্ত ১১২৫
বাবু হত্যার ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ওই রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন বাবুর ভগ্নিপতি মনির হোসেন। পরে আটক দুজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর ডিবি পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্য জিকরুল্লাহ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, হাসিব আব্দুল্লাহ (পলাতক) ও আবু তাহের জুনায়েদের (পলাতক) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান।
ইত্তেফাক/ইউবি
