ঘুমন্ত স্বামীকে খুন করতে না পেরে বিষপানে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা 

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৭:০৮

টাঙ্গাইলের মধুপুর উপজেলার দামপাড়া গ্রামে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্ত্রী। তবে স্বামীকে খুন করতে না পেরে এক পর্যায়ে নিজে বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালায় বলে জানায় মধুপুর থানা পুলিশ। 

আহত স্বামী সুমন ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। পেশায় ভাড়ার মোটর সাইকেল চালক। স্ত্রীর নাম সাবিনা বেগম। দুইজনই এখন হাসপাতালে চিকিৎসাধীন। 

দামপাড়া গ্রামের আবুসোহেল জানান, রবিবার (৪ অক্টোবর) সকালে বিছানায় শুয়ে থাকা সুমনের উপর চড়াও হন স্ত্রী সাবিনা। তাকে বটি দিয়ে অনবরত কোপাতে থাকে। মাথাসহ শরীরে বেশকটি কোপ দেয়। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। এক পর্যায়ে সাবিনা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে সাবিনাকে গাছের সাথে বেঁধে রেখে সুমনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রচুর রক্তক্ষরণে অবস্থার অবনতি ঘটলে ডাক্তারের পরামর্শক্রমে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা সাবিনাকে উদ্ধার করে নিয়ে আসে। তাকেও মধুপুর হাসপাতালে ভর্তি করানো হয়। এ দম্পতির ঘরে ৬ বছরের মেয়ে ও ৮ মাস বয়সী ছেলে রয়েছে। 

সুমনের পারিবারিক সূত্র জানায়, সাবিনা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন। সুমনের এক ভগ্নিপতির দিকে বিক্ষুব্ধ হয়ে বটি ছুঁড়ে মারার ঘটনাও ঘটিয়েছেন কয়েকদিন আগে। 

প্রতিবেশী হাসান সরকার জানান, কয়েক মাস আগে সুমনের ঐ ভগ্নিপতি সাবিনাকে কুপ্রস্তাব দেন।  এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, সাবিনাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি।

ইত্তেফাক/এমএএম