ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলা : জবানবন্দি দিতে আদালতে তারেক ও মাহফুজুর

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৭:৩৮

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামি তারেক আহমদ ও মাহফুজুর রহমান মাছুমকে রবিবার দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে শাহপরান (রহ.) থানা পুলিশ। 

পরে জবানবন্দি দিতে তাদের সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী। 

গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে জোর করে গৃহবধূকে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করে কয়েকজন ছাত্রলীগ নেতা। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগ ক্যাডার ছয়জন, অজ্ঞাত আরও তিনজনসহ ৯ জনকে আসামি করা হয়। 

আরো পড়ুন : ৯ বছর পর বহু প্রত্যাশিত সিলেট-লন্ডন ফ্লাইট চালু 

মামলায় অভিযুক্তরা হচ্ছে- কলেজের ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর, বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ। মামলার অপর তিন আসামির মধ্যে রাজন ও আইনুল ধরা পড়েছে। অপরজন এখনো অজ্ঞাত। পুলিশ তাকে খুঁজছে। 

এজাহারভূক্ত ছয় আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তারের পর প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল, রাজন আহমদ ও আইনুদ্দিন ধর্ষণের দায় স্বীকার করে নিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। 


ইত্তেফাক/ইউবি