বগুড়ায় ১০ টাকা কেজির চাল কেলেঙ্কারিতে আওয়ামী লীগের দুই নেতা বহিস্কার

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৭:৪২

বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল কেলেঙ্কারির অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

রবিবার উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক জানান, দলের হাই কমান্ডের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়েছে।  

বহিষ্কৃত দুই নেতা হলেন, ধুনটের মেসার্স তিন ভাই ট্রেডার্স অ্যান্ড সেমি অটোরাইচ মিলের মালিক উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের নবাব আলী ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়ের ডিলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক বেড়েরবাড়ি গ্রামের আব্দুল হাদি মন্ডল। 

উপজেলার বেড়েবাড়ির বাবু বাজার এলাকায় বিক্রয় কেন্দ্র থেকে ২৮ সেপ্টেম্বর বিকেলে সুবিধাভোগীদের নিকট ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করছিলেন আব্দুল হাদি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালিয়ে আব্দুল হাদির কাছে অভৈধভাবে রাখা ২৩৬টি কার্ড জব্দ করেন। একই স্থানে নবাব আলীর গুদামে খাদ্য অধিদফতরের বস্তায় প্রায় পাঁচশ মণ চাল মজুদ রাখা হলে এর মধ্যে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির একশ মণ (৫১ বস্তা) চাল জব্দ করা হয়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। একই দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম বাদী হয়ে ওই দুই নেতার বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। 

ইত্তেফাক/এসি