অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া
‘৫ অক্টোবর’ ২০২০ খ্রি:, ২৬তম বিশ্ব শিক্ষক দিবস। ১৯৪৮ সালে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে শিক্ষার অগ্রগতি, মানবজাতির ক্রমোন্নতি এবং আধুনিক সমাজের বিকাশ সাধনে শিক্ষক সমাজকে এক অপরিহার্য অংশ বলা হয়। সমাজে শিক্ষকের ভূমিকা ও অবদানের কথা জোরের সাথে ঘোষণায় স্বীকার করা হয়। শিক্ষকগণ যাতে তাদের ভূমিকা পালনের জন্য উপযুক্ত সম্মান ও মর্যাদা ভোগ করতে পারেন তা সুনিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয় এ ঘোষণায়।
১৯৬৬ সালের ৫ অক্টোবর ইউনেস্কোর উদ্যোগে শিক্ষকদের মর্যাদা সম্পর্কে প্যারিসে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশেষ আন্তঃসরকার সম্মেলনে বিশ্বব্যাপী শিক্ষকদের অধিকার, কর্তব্য ও মর্যাদা বিষয়ক আন্তর্জাতিক দলিল ‘ইউনেস্কো/আইএলও সনদ’ স্বাক্ষরিত হয়। এ কারণে উক্ত দিবসটি শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে।
শিক্ষকগণ হচ্ছেন জাতির বিবেক ও মূল্যবোধ সংরক্ষণের ধারক ও বাহক। শিক্ষার সংস্কার, সম্প্রসারণ ও মান উন্নয়নে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিবেন বলে শিক্ষক সমাজ প্রত্যাশা করেন।
