রোমান পুরাণের ঊষাদেবী। হাইপেরিয়নের কন্যা। দুই অশ্ববাহিত রথে চেপে প্রতি রাতের শেষে তিনি মর্ত্যে আগমন করেন। দেবী হলেও মর্ত্যের মানুষ টিথোনাসকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন। বিয়ের আগে দেবরাজ জুপিটারের কাছে তিনি টিথোনাসের অমরত্ব প্রার্থনা করলে জুপিটার টিথোনাসকে অমরত্ব প্রদান করেন। কিন্তু অরোরা সেইসঙ্গে টিথোনাসের যৌবন অক্ষুণ্ন্ন রক্ষার বর চাইতে ভুলে যাওয়ায় টিথোনাস ধীরে ধীরে অতিবৃদ্ধ হয়ে পড়ে। অরোরা বাধ্য হয়ে তখন টিথোনাসকে ঘাসফড়িং বানিয়ে দেন।
টিথোনাসের ঔরসে অরোরার মেমনন নামে এক পুত্রের জন্ম হয়। ট্রয়ের যুদ্ধে একিলিস মেমননকে হত্যা করেন। পুত্রশোকে কাতর অরোরা রাত্রিশেষে মর্ত্যে আগমনের সময় প্রতিবারই নিহত পুত্রের জন্য অশ্রুপাত করেন। তাঁর সেই অশ্রুই হলো ভোরের শিশির।
অরোরার গ্রীক নাম হলো ইওস।
সূত্র : প্রতীচ্য পুরাণ/ফরহাদ খান
